admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ অক্টোবর, ২০২১ ৯:০৯ পূর্বাহ্ণ
বাংলাদেশের রাজধানী ঢাকায় একসঙ্গে কলেজ পড়ুয়া ৩ ছাত্রী নিখোঁজ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা মিরপুর–১৪ এলাকার বাসিন্দা। এ বিষয়ে রাজধানীর পল্লবী থানায় একটি অভিযোগ করা হয়েছে। পল্লবী এলাকা থেকেই তারা নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, গতকাল বৃহস্পতিবার বাসা থেকে বের হয়ে তারা নিখোঁজ হয়। নিখোঁজ ৩ ছাত্রীর একজনের মা এ ঘটনায় আজ শুক্রবার পল্লবী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে তিনি বলেছেন, তারা বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে গেছে।
তারা তিনজন বান্ধবী এবং সবাই দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, গতকাল, ৩০ সেপ্টেম্বর, একই সময়ে তারা তিন বান্ধবী নিখোঁজ হয়। তার, অভিযোগকারিনী, মেয়ে বাসা থেকে ৬ লাখ টাকা, স্বর্ণালংকার এবং মুঠোফোন নিয়ে গেছে। এ ছাড়া অপর দুইজনের একজন আড়াই ভরি স্বর্ণালংকার এবং অপরজন ৭৫ হাজার টাকা নিয়ে গেছে বলেও উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে ওই অভিভাবক আরও বলেন, তারা মিরপুর–১৪ নম্বর এলাকায় বসবাস করেন। বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ওই এলাকারই ৩ ব্যক্তি তিন বান্ধবীকে অপহরণ করেছে। বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, তিন ছাত্রী নিখোঁজের ব্যাপারে একটি অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে। তবে বলার মতো এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।