admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২১ ৭:৪৮ অপরাহ্ণ
রাজধানী ঢাকার মসজিদগুলোতে রমজানের তৃতীয় জুমায় করোনামুক্তি-বৃষ্টির প্রার্থনা। পবিত্র মাহে রমজান চলছে, তবে দেশবাসীর মধ্যে সেই অর্থে স্বস্তি নেই। প্রাণঘাতী করোনার উর্ধ্বমুখী সংক্রমণ, মৃত্যু হচ্ছে রেকর্ড সংখ্যক মানুষের। নানা বিধিনিষেধের কারণে ঈদের আগেও শ্রমজীবী মানুষের উপার্জন বন্ধ। এতো গেলো করোনার কথা, ওদিকে তীব্র দাবদাহে মানুষের প্রাণ ওষ্ঠাগত। এর মধ্যেই অনুষ্ঠিত হয়ে গেলো পবিত্র রমজানের তৃতীয় জুমা। আজ শুক্রবার (৩০ এপ্রিল) রমজানের এই তৃতীয় জুমায় রাজধানী ঢাকার মসজিদগুলোতে ছিল মুসল্লিদের ব্যাপক উপস্থিতি। মসজিদ পূর্ণ হয়ে গেলে প্রচণ্ড খরতাপ মাথায় নিয়ে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে গেছেন শত শত মুসল্লি। নামাজ শেষে সৃষ্টিকর্তার কাছে করোনা থেকে মুক্তি আর বৃষ্টির জন্য কায়মনোবাক্যে প্রার্থনা করেছেন তারা।
সায়েন্সল্যাবের বায়তুল মামুর মসজিদে আজকের তৃতীয় জুমা আদায় করেছেন হাজার হাজার মানুষ। মসজিদে যত মুসল্লি ছিল তারচেয়ে ৭-৮ গুণ ছিল পাশের রাস্তায়। সায়েন্সল্যাব থেকে বাটা সিগন্যাল পর্যন্ত পুরো রাস্তা ভরে গেছে মুসল্লিতে। মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে জুমার সালাত আদায়ের মাধ্যমে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন সবাই।
রোজাদারের জন্য রোজাকে আরও সহজ করে দিতে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন ইমাম। দাবদাহ কমিয়ে বৃষ্টি নামিয়ে দিতে মহান রবের কাছে দু-হাত প্রসারিত করা হয়েছে। ঈদের আগে প্রাণঘাতী মহামারির প্রকোপ যেন কমে আসে, সেই আর্জি জানিয়েছেন মুসল্লিরা।