admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২১ ২:০১ অপরাহ্ণ
রাজধানীর জিয়া উদ্যানে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া। রাজধানীর জিয়া উদ্যানে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ গুলি চালায় বলে অভিযোগ নেতাকর্মীদের। এ সময় পুলিশকেও লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে দেখা গেছে। আজ মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে জিয়াউর রহমানের মাজারে নবগঠিত ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির কর্মসূচি পালন নিয়ে এই ঘটনা ঘটে। সংঘর্ষের এই ঘটনায় রক্তাক্ত অবস্থায় দেখা গেছে বিএনপির মহানগর উত্তরের সদস্য সচিব জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে।
পুলিশের ছোড়া টিয়ার শেল বিঁধেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের শরীরে। এছাড়া আরও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় সাবেক ফুটবলার আমিনুল হক বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর এই কর্মসূচি আগেই নির্ধারিত ছিল। পুলিশকেও যথাসময়ে জানানো হয়েছে। তারপরও কোনো কারণ ছাড়াই জিয়ার মাজারের আশপাশে অবস্থান করতে দেওয়া হচ্ছিল না নেতাকর্মীদের। এমনকি এ ব্যাপারে তারা কোনো কারণও দেখাতে পারেনি।
নিজেকে পুলিশের গুলিতে আহত দাবি করে তিনি বলেন, সম্পূর্ণ বিনা উসকানিতে পুলিশ আমাদের ওপর হামলা করেছে। হঠাৎ করেই তারা রাবার বুলেট ছোড়া শুরু করে, এমনকি গুলিও করে। তাদের ছোড়া গুলিতেই আমি আহত হয়েছি। আমাদের আরও অনেক নেতাকর্মী আহত হয়েছেন। আমান উল্লাহ আমানসহ অনেকের শরীরে টিয়ার শেল বিঁধে আছে।