admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ জুন, ২০২১ ৮:৪৫ অপরাহ্ণ
রাজধানীর অভিজাত প্রতিষ্ঠান আলমাস সুপার শপকে জরিমানা। ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকালে রাজধানীর অভিজাত প্রতিষ্ঠান আলমাস সুপার শপকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) আজ বহস্পতিবার এ তথ্য জানিয়েছে। জানা যায়, এদিন রাজধানীর ধানমন্ডি এলাকায় ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনাকালে এ জরিমানা করা হয়। বিদেশি খাদ্যপণ্যে আমদানিকারকের স্টিকার না থাকা, যথাযথ বিধি অনুযায়ী খাদ্যের মোড়কীকরণ, চিহ্নিতকরণ ও লেবেল সংযোজন না করায় এই জরিমানা করা হয়।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএফএসএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। বিএফএসএ মনিটরিং অফিসার, নিরাপদ খাদ্য পরিদর্শক, নমুনা সংগ্রহকারী ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) টিম এ সময় উপস্থিত ছিলেন। সংস্থাটি আরো জানায়, আলমাস সুপার শপে আমদানিকারকের তথ্যবিহীন বিদেশি খাদ্যপণ্য ছিল। এ ছাড়া যথাযথ মোড়কীকরণ, চিহ্নিতকরণ ও লেবেল সংযোজন ছাড়াই প্যাকেট করা খাবার বিক্রি করা হচ্ছিল।
এ জন্য নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুসারে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।
বিএফএসএ আরো জানায়, অভিযানকালে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা ও লিফলেট প্রদান করা হয়। নিরাপদ খাদ্য নিশ্চিতে এই ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।