admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ মার্চ, ২০২১ ১০:৩৫ পূর্বাহ্ণ
রংপুরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর অনিয়ম-দুর্নীতি ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করে ও বিক্ষোভ সমাবেশ করে। কুশপুত্তলিকা দাহ শেষে বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া উপাচার্যের অনিয়ম-দুর্নীতির বিচার দাবি করে বলেন, দুর্নীতির তদন্ত করায় শিক্ষামন্ত্রীসহ ইউজিসির বিরুদ্ধে ঢাকায় বসে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন ভিসি ড. কলিমউল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পে অনিয়ম করে উল্টো তিনি সরকারের বিভিন্ন মহলের বিরুদ্ধে বিষোদগার করছেন। আমরা চাই শিগগির তাকে বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যাহার করা হোক।
বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া বলেন, ‘উপাচার্য দিনের পর দিন ঢাকায় থেকে লিয়াজোঁ অফিসের নামে অনিয়ম-দুর্নীতি করে যাচ্ছেন। এর প্রতিবাদ করলেই হামলা ও মামলা দিয়ে যাচ্ছেন। আজ তিনি সরকার মহলের দিকে আঙুল তুলেছেন। আমরা এর তীব্র নিন্দা জানিয়ে তার শাস্তির দাবি জানাচ্ছি। ভিসিকে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইতে হবে নইলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে। এ সময় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম, ছাত্রলীগকর্মী তানভীর, বায়েজিদ আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।