admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ৫:১৫ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এদিকে, ২০১০ সালের পহেলা জানুয়ারি থেকে ২০২৪ সালের পাঁচই অগাস্ট পর্যন্ত র্যাব, ডিজিএফআইসহ বিভিন্ন সংস্থার সদস্যদের দ্বারা গুম হওয়া ব্যক্তিদের সন্ধান চেয়ে কমিশন অব ইনকোয়ারিতে আজ থেকে অভিযোগ গ্রহণ শুরু হয়েছে।
মার্কিন প্রতিনিধি দলের সাথে যেসব আলোচনা হয়েছেঃ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শ্রম পরিবেশ, মানবাধিকার, রোহিঙ্গাদের মানবিক সহায়তাসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। দুপুরে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে সকালে অর্থ ও বাণিজ্য এবং পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে এসব বিষয় এসেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। পররাষ্ট্র সচিব বলেছেন, প্রতিনিধি দলের সাথে আর্থিক সংস্কারের বিষয়ে এবং পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনার ব্যাপারে প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে। এগুলো চূড়ান্ত রূপ নিতে কিছুটা সময় লাগবে।
মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একযোগে কাজ করার আশ্বাস দিয়েছে। এছাড়া আর্থিক সংস্কারে যেসব খাতকে চিহ্নিত করা হয়েছে সেসব খাতে তারা সার্বিকভাবে সহযোগিতা দেয়ার কথা বলেছে বলে জানান পররাষ্ট্র সচিব। রোহিঙ্গা ইস্যুতে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি দীর্ঘমেয়াদী সংকট যা সমাধান হওয়া উচিত। সাম্প্রতিককালে কিছু রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ বাংলাদেশে প্রবেশ করেছে্ কিন্তু আমরা জোর দিয়ে বলেছি মূল কারণটি খতিয়ে দেখতে।