admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২১ ৯:৫৭ পূর্বাহ্ণ
মুরাদ- বিএনপির আলালের বিরুদ্ধে থানায় অভিযোগ। সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এবং বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলার আবেদন করা হয়েছে। প্রথমজনের বিরুদ্ধে নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য এবং দ্বিতীয়জনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগে পৃথকভাবে অভিযোগ করা হয় মঙ্গলবার।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার বলেন, জিডিতে সাইবার বিষয়ক অভিযোগ হওয়ায় তা তদন্তে সংশ্লিষ্ট ইউনিটে পাঠানো হবে। যেখানে যাছাইয়ের পর ঊধ্বর্তন কর্তৃপক্ষ অনুমোদন দিলে মামলা হিসেবে গ্রহণ করা হবে। জানা গেছে, আওয়ামী লীগ নেতা ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন জুলিয়াস সিজার তালুকদার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাবির সলিমুল্লাহ মুসলিম হল সংসদের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের নামে একই ধরনের আবেদন করেন ঢাবির পপুলেশন সায়েন্সস বিভাগের শিক্ষার্থী নূরউদ্দীন আহমেদ।
জিডিতে মুরাদের বিরুদ্ধে ফেসবুক পেজে গত ৫ ডিসেম্বর ‘বিকৃত যৌনাচার ও বিদ্বেষমূলক বক্তব্য’ ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। তাতে ঢাবির ঐতিহ্যবাহী রোকেয়া হল ও শামসুন্নাহার হলের নারী শিক্ষার্থীদের চরিত্র হননের অপচেষ্টা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। অপরদিকে, মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ বক্তব্য দেয়ার অভিযোগ করা হয়েছে। গত ৬ ডিসেম্বর রাতে ফেসবুকে একটি লিংকে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা সরকার ও জনগণের জন্য মানহানিকর হিসেবে তুলে ধরা হয় অভিযোগে।
এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশে আজ মঙ্গলবার, ৭ ডিসেম্বর, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। ব্যক্তিগত কারণ দেখিয়ে লেখা পদত্যাগপত্রটি এদিন দুপুরে জমা পড়েছে তার দপ্তরে। তার আগে ফেসবুকে দেয়া ওই স্ট্যাটাসে তিনি বলেন, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা চাই। প্রধানমন্ত্রীর নির্দেশ আমার জন্য শিরোধার্য।
সম্প্রতি সংবিধান থেকে বিসমিল্লাহ এবং রাষ্ট্রধর্ম তুলে নেয়ার কথা বলে বিতর্কের জন্ম দিয়েছিলেন আওয়ামী লীগ নেতা ডা. মুরাদ হাসান। একের পর এক বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়ার পরেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতি জাইমা রহমানকে নিয়ে অশ্রাব্য ভাষায় কথা বলেন।