admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২১ ৯:৩৪ পূর্বাহ্ণ
মুরাদ চুপিসারে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে পালিয়েছে। কানাডা ও সংযুক্ত আরব আমিরাতে ঢুকতে না পেরে অবশেষে দেশে ফিরে এসেছেন সম্প্রতি নানা সমালোচনার মুখে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা ডা. মুরাদ হাসান। রোববার, ১২ ডিসেম্বর, এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। তবে এদিন তিনি বিমানবন্দর ত্যাগ করেছেন অত্যন্ত চুপিসারে। যদিও এর আগে তিনি বিমানবন্দরের সিআইপি গেট ব্যবহার করতেন।

কিন্তু সাংবাদিকদের দৃষ্টি এড়িয়ে আন্তর্জাতিক টার্মিনাল ব্যবহার না করে চুপিসারে অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দর সূত্রে জানা যায়, বহুল আলোচিত সংসদ সদস্য ডা. মুরাদ হাসান আজ রোববার, ১২ ডিসেম্বর, সন্ধ্যা সোয়া ৬টার দিকে এভাবে নীরবে বিমানবন্দর ত্যাগ করেন। এর আগে বিকাল ৪টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালালে অবতরণ করেন তিনি। জানা যায়, কানাডা ও আমিরাতে থাকার অনুমতি না পেয়ে দেশে ফিরছেন আলোচিত-সমালোচিত মুরাদ হাসান— এমন খবরে সাংবাদিকরা দুপুর থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করতে থাকেন। কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষারত সাংবাদিকদের ফাঁকি দিয়ে চুপিসারে চলে যান ডা. মুরাদ। প্রসঙ্গত, তিন দিন আগে ডা. মুরাদ হাসান দেশ ছেড়ে কানাডায় উড়াল দিয়েছিলেন, দেশটিতে ঢুকতে না দিয়ে দুবাইয়ের ফিরতি ফ্লাইটে তুলে দেওয়া হয় তাকে। কিন্তু আমিরাতেও প্রবেশ করতে না পেরে দীর্ঘ সময় ধরে দেশটির দুবাই বিমানবন্দরে থাকতে হয় তাকে। শেষ পর্যন্ত দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। এদিকে, ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা বার ইউনিটের সাধারণ সম্পাদক ওমর ফারুক এটি দায়ের করেন। এ মামলায় মুরাদ হাসানের সঙ্গে মহিউদ্দিন হেলাল নাহিদকেও আসামি করা হয়েছে।
উল্লেখ্য, রাষ্ট্রধর্ম ইসলাম না রাখা, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম না রাখা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আলোচনায় আসেন ডা. মুরাদ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর নারী শিক্ষার্থীদের সম্পর্কে ন্যাক্কারজনক মন্তব্য করেন তিনি। এরপরই প্রধানমন্ত্রী তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন।