admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ জুন, ২০২০ ৮:৪১ অপরাহ্ণ
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মালয়েশিয়া আটকে পড়া শিক্ষার্থী, পর্যটক ও নানা পেশার ১৫১ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। শুক্রবার বিকেল ৫টা ৪০ মিনিটে বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে স্থানীয় সময় বিকে ৩ টা ৫০ মিনিটে ১৫১ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। এর আগে শুক্রবার সকাল ৮ টা ৫০ মিনিটের দিকে ৪৩ মালয়েশিয়ান নাগরিক ও সে দেশে স্থায়ীভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশে অবস্থিত মালয়েশিয়ান দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে গত তিন মাসের অধিক সময় মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে আটকে রয়েছে অসংখ্য বাংলাদেশি। আকাশ পথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে কোনো ভাবেই দেশে ফিরতে পাড়ছিলেন তারা। এমতাবস্থায় বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকারের মধ্যস্থতায় মালয়েশিয়া থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ইউএস-বাংলা এয়ারলাইন্স।