admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২১ ৯:২০ অপরাহ্ণ
মিজ ইক্কা মির্জা, স্টাফ রিপোটার মালয়েশিয়াঃ করোনা মহামারির মধ্যে বাংলাদেশি নিরাপত্তারক্ষী বা গার্ড নিয়োগ দিতে যাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। এ নিয়ে গত বৃহস্পতিবার দেশটির রাজধানী কুয়ালালামপুরে একটি সমঝোতা স্মারক বা এমওইউ সই হয়েছে। এতে স্বাক্ষর করেন বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থা ও মালয়েশিয়ার সিকিউরিটি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, পিআইকেএমের প্রতিনিধিরা। বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ২০১৮ সালে এমওইউ সই হলেও বাংলাদেশি নিরাপত্তারক্ষী নিয়োগ করা যায়নি মালয়েশিয়ায়।
তৎকালীন মাহাথির মোহাম্মদ সরকারের নিষেধাজ্ঞার কারণে এটি আটকে যায়। এখন নতুন এমওইউ সইয়ের মধ্য দিয়ে দেশটিতে নতুন দুয়ার উন্মুক্ত হলো। নিরাপত্তারক্ষীর অভাব মেটাতে বাংলাদেশের পাশাপাশি ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করে মালয়েশিয়া।

মালয়েশিয়ার নিরাপত্তারক্ষী।
প্রশিক্ষণ ও দক্ষতার কারণে এ ক্ষেত্রে আন্তর্জাতিক লাইসেন্স থাকা বাংলাদেশ অগ্রাধিকার পাচ্ছে। তবে নিয়োগের পদ্ধতি, সুবিধা ও শুরুর সময় এখনো চূড়ান্ত হয়নি, জানান বাংলাদেশি কর্মকর্তারা। এ বিষয়ে পিআইকেএম সভাপতি রামলি ইউসুফ মালয়েশিয়াকিনিকে বলেন, ৩ মাসের প্রশিক্ষণের কারণে বাংলাদেশিরাই গার্ড নিয়োগে সেরা মনে হয়েছে। সে কারণে তিনটি দেশের মধ্যে কেবল এই দেশের নাম সুপারিশ করেছে তারা।
বিষয়টি দ্রুত অনুমোদন দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও অনুরোধ করা হয়েছে। দেশটিতে নেপালি নিরাপত্তারক্ষীদের ১০ বছর পর্যন্ত কাজের অনুমতি দেয়া হয় উল্লেখ করে তিনি আরো জানান,নতুন করে অভিবাসী শ্রমিক আসায় নিষেধাজ্ঞা থাকায় ৪০ হাজার থেকে ১০-১৫ হাজারে নেমে এসেছে। তারা অনেকে দেশে ফিরতে চাইছে। এসব শূন্য পদে বাংলাদেশি নিরাপত্তারক্ষী আনা হবে।