admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ মার্চ, ২০২০ ৭:৩৪ পূর্বাহ্ণ
মার্কিন সেনা প্রত্যাহার শুরু আফগানিস্তান থেকে, যুক্তরাষ্ট্র-তালেবানের ঐতিহাসিক চুক্তির অংশ হিসেবে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। চুক্তি মোতাবেক আজ মঙ্গলবার আফগানিস্তানে নিযুক্ত মার্কিন সেনা মুখপাত্র কর্নেল সনি লেগেট এক বিবৃতিতে বলেন, তালেবানদের সঙ্গে স্বাক্ষরকৃত চুক্তির অংশ হিসেবে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়েছে। আজ থেকে আগামী ১৩৫ দিনে সাড়ে তিন হাজার মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়া হবে।
উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও ওই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে ঐতিহাসিক একটি চুক্তিতে স্বাক্ষর করে তালেবান ও যুক্তরাষ্ট্র। তবে আফগান সরকার ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি। চুক্তিতে তালেবান বন্দিদের মুক্তির বিষয়টি উল্লেখ থাকলেও তা নাকচ করে দেয় আফগান সরকার। আফগান সরকারের পক্ষ থেকে বলা হয়, তালেবান বন্দিদের মুক্তির বিষয়ে কোনো চুক্তি করেনি সরকার।
আফগান সরকার এ দাবি করলেও বিভিন্ন সূত্র বলছে, যুক্তরাষ্ট্রের চাপে এক হাজার তালেবান বন্দিদের মুক্তি দিয়েছে দেশটির সরকার। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট আশরাফ গণি এ নির্দেশ দেন।আগামী ১৩৫ দিনে সেখান থেকে সাড়ে তিন হাজার মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়া হবে। খবর আল-জাজিরা।