admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ জুন, ২০২২ ১০:৩১ অপরাহ্ণ
সনত চক্রবর্ত্তী মুক্ত কলম প্রতিনিধি, মাদারীপুর থেকেঃ মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় গোসেনপুরে চলমান ইউপি নির্বাচনের মাঠে বেলুন বিক্রির সময় হটাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে জাহিদুল ব্যাপারী (১৬)নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে তিন জন।
জাহিদুল ফরিদপুরের নগরকান্দা উপজেলার পাঁচ কাইচাইল গ্রামের মোস্তফা ব্যাপারীর ছেলে। বুধবার (১৫ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় তার সঙ্গে থাকা একই গ্রামের রছমত শেখের ছেলে রুবায়েত শেখ (২২), নাউডুবি গ্রামের ছলেমান মাতুব্বরের ছেলে রাকিবুল মাতুব্বর (১৮) এবং শংকরদী গ্রামের দুলাল মোল্লার ছেলে আদনান মোল্লা (১১) আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল হাসপাতালে নেওয়া হলে গুরুতর আহত রুবায়েত ও রাকিবুলকে ঢাকায় পাঠানো হয়।
রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাহিদুলের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, খেলনা বেলুন তৈরির সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, এখন পর্যন্ত আমাদের কেউ বিষয়টি অবগত করেনি। তবে আমি খোঁজ নিয়ে দেখছি।