admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২২ ১১:০৩ অপরাহ্ণ
কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঘুষ নেয়ার অভিযোগে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার শাকিব উদ্দীনকে সাময়িক বরখাস্ত করেছে ভূমি মন্ত্রণালয়। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসককে রোববার চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওর বরাতে দেশের বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে ও জাতীয় দৈনিকে নাজির কাম ক্যাশিয়ার শাকিব ঘুষ নেন বলে সংবাদ প্রকাশিত হয়।
নিয়মিত সংবাদ পর্যালোচনার সময় বিষয়টি ভূমি মন্ত্রণালয়ের নজরে আসে। ভিডিওটিতে দেখা যায়, একজন সেবাগ্রহীতা সদ্য অনুমোদিত নামজারি (খারিজ) করতে এলে শাকিব উদ্দীন সেবা গ্রহীতাকে বলেন, নামজারিতে একটি নাম ভুল হয়েছে সংশোধন করতে হবে এবং সব মিলে ১ হাজার টাকা লাগবে। এর কম হবে না কারণ সংশোধন করতে হলে এটি ওপরে পাঠাতে হবে, সেখানে টাকা চাইবে।
এমতাবস্থায় সেবাগ্রহীতা ৭০০ টাকা দেন এবং বাকি টাকা কাজ হলে দেবেন বলে জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরে ওই উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, কাজটির জন্য নাজির শাকিব উদ্দীন টাকা নিয়েছিলেন সেটির আসলে কোনো ফি নেই।