admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২২ ৫:০০ অপরাহ্ণ
ভারতে গত ২৪ ঘণ্টার ব্যবধানে কভিড-১৯ এ মৃত্যু বেড়েছে ৪ গুণ। ভারতে আবারো লাফিয়ে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। একদিনের ব্যবধানে দেশটিতে সংক্রমণের হার বেড়েছে ৫৫ শতাংশ। একই সঙ্গে ২৪ ঘণ্টার ব্যবধানে ভারতে করোনায় মৃত্যু বেড়েছে ৪ গুণ। এর আগে গত বছর দেশটিতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ভাইরাসটি। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার কোভিড-১৯ বিষয়ক রিপোর্টের বরাত দিয়ে আজ বুধবার, ৫ জানুয়ারি, দেশটির সংবাদ মাধ্যমে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৫৮ হাজার ৯৭ জন মানুষ করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন। যা ১৯৯ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত।
আগের ২৪ ঘণ্টায় দৈনিক শনাক্ত ছিল ৩৭ হাজার ৩৭৯। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে শনাক্ত বেড়েছে ২১ হাজারেরও বেশি। আজ বুধবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল মঙ্গলবারের তুলনায় আজ বুধবার মৃত্যুর সংখ্যা প্রায় ৪ গুণ বেড়েছে। মঙ্গলবার গোটা ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ১২৪। কিন্তু সবশেষ ২৪ ঘণ্টায় ৫৩৪ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ দেশটিতে সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও।
অপরদিকে, করোনার নতুন ও ভয়ংকর ভ্যারিয়েন্ট বা ধরন ওমিক্রমনের সংক্রমণও পাল্লা দিয়ে বাড়ছে ভারতে। বর্তমানে দেশটিতে ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা অন্তত ২ হাজার ১৩৫ জন। ভারতে ওমিক্রনে আক্রান্ত রোগীর মৃত্যুও হয়েছে। গত ২৮ ডিসেম্বর দেশটির মহারাষ্ট্র রাজ্যের পুনের একটি হাসপাতালে এক ওমিক্রন রোগীর মৃত্যু হয়।