admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২১ ১০:২৩ অপরাহ্ণ
দিল্লির ধোঁয়াশা বায়ু দূষণে স্কুল-কলেজ বন্ধ। বায়ু দূষণের ক্রমবর্ধমান মাত্রার মধ্যে ভারতের রাজধানী দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য সমস্ত স্কুল ও কলেজ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। নির্মাণ কাজও ২১ নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। তবে পরিবহন এবং প্রতিরক্ষা-সম্পর্কিত প্রকল্পগুলোর কাজ চলমান থাকবে। এছাড়া শহরের ১১টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মধ্যে মাত্র পাঁচটি চালু করার অনুমতি দেওয়া হয়েছে। দিওয়ালি উৎসবের পর থেকেই বিষাক্ত কুয়াশা দিল্লিকে গ্রাস করেছে।
দিল্লিতে পার্টিকুলেট ম্যাটারের (পিএম) এর মাত্রা ২.৫। যার ক্ষুদ্র কণা মানুষের ফুসফুস আটকে দিতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপত্তা নির্দেশিকা থেকে যা অনেক বেশি। শহরের বেশ কয়েকটি অংশে মঙ্গলবার বায়ুর গুণমান ৪০০ এর কাছাকাছি বা তার বেশি রেকর্ড করা হয়েছে, যা ‘গুরুতর’ অবস্থা নির্দেশ করে। বায়ুর গুণমান সূচক বা একিউআই মাত্রা অনুসারে শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে ‘ভাল’ স্তরে এবং ৫১ থেকে ১০০ এর মধ্যে ‘সন্তোষজনক’ স্তর হিসেবে বিবেচিত হয়। যানবাহন ও শিল্প নির্গমণ ও বাতাসে ধুলোর মিশ্রণ দিল্লিকে বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী করে তুলেছে।
শীতের মাসগুলোতে বাতাস বিষাক্ত হয়ে ওঠে। কারণ প্রতিবেশী রাজ্যের কৃষকরা ফসলের খড় এবং দীপাবলির উৎসবের সময় আতশবাজি পোড়ায়। এই দুটি ঘটনা একই সময়ে ঘটার কারণে বাতাসের গুণমানকে খারাপ হয়ে যায়। নিম্ন বায়ুর গতিও এই দূষণ ছড়িয়ে দিতে ভূমিকা পালন করে। কারণ দূষণ নিম্ন বায়ু্মণ্ডলে আটকে থাকে।
এ বছর দূষণ এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে, এটির ব্যাপারে ভারতের সুপ্রিম কোর্ট থেকেও কঠোর সতর্কতা জারি করা হয়েছে। আদালত কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলোকে সমস্যা মোকাবেলা করার জন্য জরুরি ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। শুনানির পর দিল্লির কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট একটি সভা ডেকে জরুরি অবস্থা ঘোষণা করেছে।
বায়ু দূষণ রোধে দিল্লি এবং প্রতিবেশী রাজ্য উত্তর প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানে ২১ নভেম্বর পর্যন্ত ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে অত্যাবশ্যকীয় পণ্য বহন করা যাবে। দিল্লি ও অন্যান্য রাজ্যগুলোকে রাজধানী অঞ্চলের বেসরকারি অফিসের কাজ ৫০ শতাংশ বাড়ি থেকে করতে উৎসাহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।