admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২১ ১১:৩৯ পূর্বাহ্ণ
ভারতের পশ্চিমবঙ্গে তিন রাতে তৃণমূলের তিন মুসলিম নেতাকে হত্যা। পশ্চিমবঙ্গে দুষ্কৃতিকারীর গুলিতে পরপর তিনদিন তৃণমূল কংগ্রেসের তিন মুসলিম নেতা নিহত হয়েছেন। প্রতিদিনই প্রায় একই সময়ে এসব হত্যাকাণ্ড ঘটেছে। ক্যানিং, রাজগঞ্জের পর সবশেষ গতকাল সোমবার রাতে হত্যা করা হয় হাওড়া সদরের তৃণমূলের সংখ্যালঘু সেলের সম্পাদক ওয়াজুল খানকে। জানা গেছে, সোমবার রাতে বাড়ির সামনে বসে ছিলেন হাওড়া সদরের তৃণমূল সংখ্যালঘু সেলের সম্পাদক ওয়াজুল।
সে সময় তাকে খুব কাছ থেকে পর পর বেশ কয়েকটি গুলি করা হয়। রক্তাক্ত অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এমন ঘটনার প্রেক্ষিতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর আগে গত রোববার সন্ধ্যায় জলপাইগুড়ির রাজগঞ্জে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন তৃণমূলের এসসি, এসটি, ওবিসি সেলের বলরাম অঞ্চলের বুথ সভাপতি মুহাম্মদ সোলেমান। তার আগের দিন শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান দক্ষিণ ২৪ পরগনার নিকারিঘাটা অঞ্চলের যুব তৃণমূলের সভাপতি মহররম শেখ।
কে বা কারা এই হত্যাকাণ্ড চালিয়েছে, তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, রাজনৈতিক বা ব্যবসায়িক কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। পুলিশ অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। লাগাতার তিন দিনে সংখ্যালঘু সম্প্রদায়ের তিন নেতার এমন মৃত্যুতে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তার ওপর তিনজনের সবাই তৃণমূল কংগ্রসের বিভিন্ন পর্যায়ের নেতা।