admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২১ ১০:১২ পূর্বাহ্ণ
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার অভিযোগ। মমতা ব্যানার্জির বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার অভিযোগ এনে পুলিশে অভিযোগ দায়ের করেছে দেশটির কেন্দ্রীয় শাসকদল বিজেপি। গত বুধবার মুম্বাইতে একটি সংবাদ সম্মেলনের সময় জাতীয় সংগীত শুরুর অনেক পরে দাঁড়িয়েছিলেন মমতা। এরপরই তার নিন্দায় সরব হয় বিজেপি। মামলাও দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, মমতার মুম্বাই সফরের দ্বিতীয় দিনের ভিডিও পোস্ট করে জাতীয় সংগীতের অবমাননার অভিযোগ করে বিজেপি।
এতে লেখা হয়, মমতা ব্যানার্জি প্রথমে বসেছিলেন। তারপর উঠে দাঁড়ান। তারপর মাঝপথেই জাতীয় সংগীত গাওয়া বন্ধ করে দেন। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বাংলার সংস্কৃতি, জাতীয় সংগীত, দেশ এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছেন। একইসুরে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করেন, ‘ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর কি এভাবে জাতীয় সংগীতের অবমাননা করা উচিত? প্রথমত তিনি বসেই জাতীয় সংগীত আবৃত্তি (গাইছেন না) শুরু করেন। তারপর হঠাৎ করে মাঝপথে শেষ করে দেন। তার এই জঘন্য কাজে বাঙালিদের মাথা নত হয়েছে।
এই ঘটনায় মমতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন মুম্বাই বিজেপির এক নেতা। অভিযোগ জাতীয় সংগীতের প্রতি অসম্মান দেখানোর’। ওই নেতার অভিযোগ, বসা অবস্থায় জাতীয় সংগীত গেয়েছেন মমতা এবং ৪ বা ৫টি শ্লোকের পরে হঠাৎ জাতীয় সংগীত থামিয়ে দেন। উল্লেখ্য, গত বুধবার মুম্বাইয়ে জাভেদ আখতার ও পবন বর্মাদের মাঝে বসে বিজেপিকে তীব্র আক্রমণ শানান মমতা। আলোচনা সভায় বলিউডের পরিচালক মহেশ ভাট জানতে চান, ডানপন্থী শক্তিদের থেকে স্বাধীনচেতা মানুষদের কীভাবে রক্ষা করা হয়?
প্রশ্নের জবাবে মমতা জানান, বৈচিত্র্যের মধ্যে ঐক্য হল ভারতের মূল ভিত্তি। দুর্ভাগ্যজনকভাবে, দেশবাসীকে বিজেপির নিষ্ঠুর, অগণতান্ত্রিক এবং অনৈতিক মনোভাব সইতে হচ্ছে। সঙ্গে তিনি যোগ করেন, আমি জানি, মহেশ ভাটকে নিশানা করা হচ্ছে, শাহরুখকে নিশানা করা হচ্ছে। আরও অনেকে আছেন। কেউ মুখ খুলতে পারেন, কেউ পারেন না।