admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২১ ৯:৫৪ পূর্বাহ্ণ
ভারতের জি বাংলা শর্ত পূরণ করে সম্প্রচারে ফিরল। কিছুদিন আগে দেশে সব ধরনের বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল। সরকারের নির্দেশনায় বলা হয়, বিদেশি চ্যানেলগুলো তাদের মূল কনটেন্টের সাথে বিজ্ঞাপন প্রচার করতে পারবে না। এবার বিজ্ঞাপন প্রচার না করার (ক্লিন ফিড) এই শর্ত মেনে সম্প্রচারে ফিরেছে ভারতের পশ্চিমবঙ্গের টেলিভিশন চ্যানেল জি বাংলা। জি বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশে সম্প্রচার করার ক্ষেত্রে আর কোনো বিজ্ঞাপন প্রচার করা হবে না। গত বৃহস্পতিবারই চ্যানেলটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। একদিন পর গতকাল শুক্রবার থেকে ক্যাবল অপারেটররা চ্যানেলটি পুনরায় সম্প্রচার শুরু করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এস এম আনোয়ার পারভেজ। বিদেশি চ্যানেলগুলোকে ক্লিন ফিড বাস্তবায়নের কথা অনেক আগ থেকেই বলে আসছে সরকার। কিন্তু কোনোভাবেই তা বাস্তবায়ন করেনি চ্যানেলগুলো। এরপর গত সেপ্টেম্বর মাসের শুরুতেই জানিয়ে দেওয়া হয়, ৩০ সেপ্টেম্বরের পর থেকে এই নির্দেশনা কার্যকর করা হবে। সে অনুযায়ী গত ১ অক্টোবর থেকে সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল।
এমন সিদ্ধান্তের পেছনে মূলত কাজ করেছে সরকারের রাজস্ব হারানোর বিষয়টি। বিদেশি চ্যানেলে যেসব বিজ্ঞাপন প্রচার হয় সেখান থেকে কোনো রাজস্ব পায় না সরকার। আরও একটি বড় বিষয় হলো- বিদেশি চ্যানেলগুলো জনপ্রিয়তার দিক থেকে যখন দেশি চ্যানেলকে ছাড়িয়ে যায়, তখন দেশি বিজ্ঞাপনদাতারা তাদের পণ্যের প্রসারের জন্য বিদেশি চ্যানেলে দিকে ঝুঁকে পড়ে। যাতে করে ক্ষতিগ্রস্ত হয় দেশি চ্যানেলগুলো।