admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২০ ৬:৪৪ অপরাহ্ণ
ভারতের কৃষি সংস্কার বিল বাতিলের দাবিতে মোদির বিরুদ্ধে কৃষকদের দিল্লি চলো আন্দোলন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের আনা কৃষি সংস্কার বিল বাতিলের দাবিতে রাজধানী দিল্লিমুখী মিছিল বের করেছেন হাজার হাজার কৃষক। পাঞ্জাব থেকে যাত্রা শুরু করা এসব কৃষক গতকাল বৃহস্পতিবার হরিয়ানায় পৌঁছালে বাধা দেয় পুলিশ, চলে রাতভর ধাওয়া-পাল্টা ধাওয়া।
বিক্ষোভকারী কৃষকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে গতকাল রাত ৯টায় পুলিশের বাকবিতণ্ডা শুরু হয়, পরে তা ধাক্কাধাক্কিতে গড়ায়। রাত ১১টায় হরিয়ানার সোনপতে প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে কৃষকদের ওপর জলকামান ছোড়ে পুলিশ। আনন্দবাজার পত্রিকা জানায়, মোদি সরকারের বিলের বিরুদ্ধে কৃষকরা ‘দিল্লি চলো’ আন্দোলনের ডাক দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী দিল্লির নিরাপত্তা জোরদার করা হয়েছে। মেট্রো চলাচল ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে।
ভারত সরকার গত সেপ্টেম্বরে ৩টি কৃষি সংস্কার বিল পাশ করে। এর প্রথমটিতে রাষ্ট্র নিয়ন্ত্রিত পাইকারি কৃষিবাজার বাতিল করা, দ্বিতীয়টিতে ফসলের আগে দাম ঠিক করে চুক্তিভিত্তিক চাষ বাড়ানো এবং উৎপাদকদের ফসল মজুদ করার ওপর সরকারি নিয়ন্ত্রণ বিলোপ করার কথা বলা হয়েছে। তবে কৃষকরা বলছে, নতুন এসব বিল তাদের স্বার্থবিরোধী। কৃষি খাতে প্রাইভেট ফার্ম চালক বনে যাবে, সাধারণ কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। এর বিরুদ্ধে আজ শুক্রবার বিবৃতি দিয়ে হরিয়ানার দিল্লি সীমান্তে ৫০ হাজার কৃষক জড়ো করার ঘোষণা দেয় কৃষকদের দুটি সংগঠন।