admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ জুলাই, ২০২১ ৭:৩৭ অপরাহ্ণ
ভারতীয় স্বাস্থ্য-শিক্ষাসহ মন্ত্রিসভার ৯ সদস্যের পদত্যাগ করেছে। করোনা পরিস্থিতি মোকাবেলাসহ অন্যান্য ইস্যুতে আজ বুধবার মন্ত্রিসভার রদবদল করতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার আগেই দেশটির মন্ত্রিসভার হেভিওয়েট ৯ সদস্য পদত্যাগ করেছেন। যার মধ্যে রয়েছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধণ এবং একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অশ্বিন চৌবে। মন্ত্রিসভায় রদবদলের মাত্র কয়েক ঘণ্টা আগে আজ বুধবার তারা পদত্যাগের ঘোষণা দেন বলে খবর দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি।
ভারতে করোনা পরিস্থিতি মোকাবেলা নিয়ে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকারের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে নরেন্দ্র মোদি কয়েক দিন আগে মন্ত্রিসভায় রদবদলের ঘোষণা দেন। আজ বুধবার সন্ধ্যায় মন্ত্রিসভার অন্তত ৪৩ জনের নাম ঘোষণা করা হবে। তার আগেই পদত্যাগ করলেন ৯ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। পদত্যাগের তালিকায় আরো যারা রয়েছেন তারা হলেন- ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, শিক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় ধোর্তে, শ্রমমন্ত্রী সন্তোষ গাংওয়ার, কেন্দ্রীয় রাসায়নিক ও সার বিষয়ক মন্ত্রী সদানন্দ গৌদা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, নারী ও শিশু কল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, জলশক্তি বিষয়ক প্রতিমন্ত্রী রতন লাল কাটারিয়া এবং ভোক্তা কল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী রাও সাহেব ধানবে পাতিল।
প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়েছে ভারত। আর এই সময়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার কোন সদস্য কী ভূমিকা পালন করেছেন, তা নিয়ে সম্প্রতি একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করে প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি মন্ত্রিসভায় রদবদলের ঘোষণা দেন নরেন্দ্র মোদি।