admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২১ ১:২৪ অপরাহ্ণ
ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করলেন টাঙ্গাইল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোশারফ হোসেন। কন্যা সন্তান হচ্ছে আল্লাহর রহমত। পবিত্র কোরআন ও হাদিস শরীফে এ কথা অসংখ্যবার বলা হয়েছে। কিন্তু আমাদের দেশের বিভিন্ন স্থানে এখনো কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে অনেক মা-বাবা অসন্তুষ্ট হন। সেই ধারা ভাঙতে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করলেন টাঙ্গাইল পৌরসভার সন্তোষকাগমারি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোশারফ হোসেন।
নবজাতকের মায়ের হাতে উপহার তুলে দিচ্ছেন পুলিশ পরিদর্শক মো. মোশারফ হোসেন, কোনো বাড়িতে কন্যা সন্তান জন্ম গ্রহণ করেছে শুনলেই, তিনি সেই বাড়িতে উপহার নিয়ে হাজির হচ্ছেন। পিতা-মাতাকে বোঝান যে, কন্যা সন্তান বোঝা নয়, বরং সৃষ্টিকর্তার পক্ষ থেকে আশির্বাদ। তারা দুনিয়াতে আসে পিতা-মাতাকে জান্নাতের সুঃসংবাদ দেয়ার জন্য। সঠিকভাবে ও আল্লাহর নির্দেশিত পথে ওই সন্তানকে লালন-পালন করলে মা-বাবা জান্নাতের ভাগিদার হবেন।
বিষয়টি নিয়ে জানাজানি হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক আলোচনা হচ্ছে। সবাই ওই পুলিশ কর্মকর্তাকে তার মহান উদ্যোগের জন্য প্রশংসা ও অভিনন্দন জানাচ্ছেন। ইতোমধ্যে বেশ কয়েকটি পরিবারের কাছে তিনি উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন। যার মধ্যে আছে, একটি শুভেচ্ছা স্মারক, বেবি ডায়াপার ও লোশন। স্মারকে লেখা, নবজাতকের আগমনে মা আপনাকে শুভেচ্ছা। উপহার পাওয়া এক অভিভাবক জানান, তার ঘরে তিনটি কন্যা সন্তান ছিল। এরপর ছেলে সন্তানের আশায় আবারও চেষ্টা করেন।
কিন্তু চতুর্থবারেও মেয়ে সন্তান হয়েছে। এ নিয়ে সবার মন খারাপ ছিল। কিন্তু এখন চারটি কন্যা নিয়েই সুখে আছেন। পুলিশের কাছ থেকে এমন উৎসাহ পাওয়াতে সবার মন ভালো হয়ে গেছে। এ বিষয়ে পুলিশ পরিদর্শক মো. মোশারফ হোসেন জানান, চাকরি সূত্রে বিভিন্ন চরাঞ্চল ও গ্রাম পর্যায়ে ঘোরার সময় দেখেছেন যে, ওইসব এলাকায় কন্যা সন্তান জন্ম হলে পরিবার ভালো চোখে দেখতো না। বিশেষ করে, মায়েদের নানা বিড়ম্বনায় পড়তে হয়। বিষয়টি খারাপ লাগে এবং সেই থেকেই এমন উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত।