admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ মে, ২০২১ ১১:৩৩ পূর্বাহ্ণ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে ৭০ শতাংশ মানুষকে টিকা না দিলে মুক্তি নেই। করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে যাচ্ছে বিশ্বব্যাপী। কোনো দেশে একটু কমছে তো অন্য কোথাও আবার বাড়ছে। ভাইরাসটির বিরুদ্ধে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে বেশ কিছুদিন আগে। তবে এখনো খুব বেশি ইতিবাচক ফলাফল লক্ষ্য করা যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লুগে বলেন, ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার আগ পর্যন্ত মানুষের ‘মুক্তি নেই’। গতকাল শনিবার (২৯ মে) বার্তা সংস্থা এএফপিতে হ্যান্স ক্লুগের একটি সাক্ষাৎকার প্রচারিত হয়। সেখানে তিনি এই মন্তব্য করেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, টিকাদান কর্মসূচি শুরু হলেও অনেক দেশেই এখনও তা বাকি। যেসব দেশে কর্মসূচি চালু আছে তারাও যথাযথ গতিতে এটা চালিয়ে নিতে পারছে না। এভাব করোনাভাইরাস থেকে আমাদের মুক্তি মিলবে না। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, প্রথমে দেখা গেল করোনার যুক্তরাজ্য ধরন খুব শক্তিশালী। এরপর সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে দক্ষিণ আফ্রিকা ভ্যারিয়েন্ট ছাড়িয়ে গেল সেটাকেও। এই মুহূর্তে ভারতীয় ভ্যারিয়েন্ট আস্ফালন চালাচ্ছে। ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে যে ধীর গতি চলছে, তা দিয়ে নতুন নতুন এসব চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয়।
‘ভ্যাকসিন চলে আসার পর সেটা সর্বোচ্চ গতিতে প্রয়োগ না করতে পারাটা দুর্ভাগ্যজনক। আমরা একটা সুযোগ হারাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে আমাদের সবচেয়ে ভালো বন্ধু হলো গতি। মহামারির বিরুদ্ধে লড়াই করতে হলে টিকাদান দ্রুততর করার বিকল্প নেই। বলেন বিশ্ব স্থাস্থ্য সংস্থার ইউরোপ অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লুগে।