admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২১ ৬:৫৪ অপরাহ্ণ
আজ শুক্রবার (২৭ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কোটাবিরোধী আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনের নামে ইতোপূর্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা অনেক অরাজকতা দেখেছে। এসব মোকাবেলা করতে ছাত্রলীগকে সতর্ক থাকতে হবে। করোনার সংক্রমণ কমতে থাকার প্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তোড়জোড় শুরু করেছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় খোলার সম্ভাব্য তারিখও ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। সেই বিষয়টি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগকে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে থাকতে হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নিজেদের ব্যাপারেও সতর্ক হতে হবে ছাত্রলীগকে- শত্রুপক্ষের অনেকে ভোল পাল্টে তোমাদের মধ্যে ঢুকে যেতে পারে। তাদেরকে চিহ্নিত করতে হবে। মনে রাখতে হবে, বাইরের প্রকাশ্য শত্রুর চেয়ে এরা অনেক বেশি ক্ষতিকর। জিয়াউর রহমানের কবর নিয়ে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন, সে সম্পর্কেও কথা বলেন ওবায়দুল কাদের। সরকারের এই সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সত্য বলেছেন। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মরদেহ নেই। তারা দীর্ঘদিন ধরে একটা নাটক করে আসছে। প্রধানমন্ত্রীর বক্তব্যকে চ্যালেঞ্জ করতে হলে বিএনপিকে জিয়াউর রহমানের মরদেহের ছবি দেখানোর আহ্বান জানাই।