লাবু রহমান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ২:৪৪ অপরাহ্ণ
গাজীপুরের কাপাসিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে সৌদি আরবে কর্মরত এক যুবক ও তাঁর পরিবারের কাছ থেকে ৪ লাখ ৯৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে কাপাসিয়া আমলি আদালতে মামলা করেছেন মো. ফারুক (৪৫) নামে এক ব্যক্তি।
মামলার আসামিরা হলেন—আখিমনি (২০), মামুন (২৫), সামিরুল (১৮) ও রাহা (২১)। তাঁদের ঠিকানা ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার আমগাঁও ইউনিয়নের ৬ নম্বর পাবনাপাড়া (ঈদগামাঠ) এলাকায় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আদালতে দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, বাদীর ছেলে ইমরান সৌদি আরবে কর্মরত। মোবাইল ফোনের মাধ্যমে প্রথম আসামির সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ইমরানের কাছ থেকে টাকা নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৪ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ২ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে ইমরানের কাছ থেকে মোট ৩ লাখ ৭৫ হাজার টাকা নেওয়া হয়। এর পর গত ৫ সেপ্টেম্বর আসামিরা বাদীর বাড়িতে গিয়ে বিয়ের আশ্বাস দিয়ে আরও ১ লাখ ২০ হাজার টাকা নগদ নেন বলে অভিযোগ রয়েছে। সব মিলিয়ে নেওয়া অর্থের পরিমাণ দাঁড়ায় ৪ লাখ ৯৫ হাজার টাকা।
বাদীর অভিযোগ, টাকা নেওয়ার পর প্রথম আসামি ইমরানের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। পাশাপাশি মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ, ইমো ও ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগমাধ্যমে তাঁকে ব্লক করে দেওয়া হয়। পরে টাকা ফেরত চাইলে বাদীকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হয়েছে বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মো. ফারুক বাদী হয়ে কাপাসিয়া চীফ জুডিশিয়াল আমলি আদালতে সি.আর. মামলা নং-৭৯৮/২৬ দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ৪২০, ৪০৬ ও ৫০৬(১) ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে। মামলায় উত্থাপিত অভিযোগের বিষয়ে আসামি সামিরুলের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে কিছু বলতে রাজি হয়নি ।