admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ জুন, ২০২১ ৮:১৩ অপরাহ্ণ
বিটিআরসি জানালো আগামী ১ জুলাই থেকে বন্ধ হচ্ছে না অবৈধ মোবাইল ফোন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে বন্ধ হচ্ছে না অবৈধ মোবাইল ফোন। আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ওই দিন থেকে অবৈধ মোবাইল ফোন শনাক্তের কথা, যা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করার অনুরোধ জানিয়েছে বিটিআরসি। সংস্থাটি বলেছে, মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করা হ্যান্ডসেটগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে আগামী ৩০ জুন।
বিষয়টি নিশ্চিত করে বিটিআরসির কমিশনার এ কে এম শহীদুজ্জামান বলেন, বর্তমানে দেশে হ্যান্ডসেটের চাহিদা রয়েছে প্রায় ১৫ কোটি। এর মধ্যে ৪০ শতাংশই অবৈধভাবে বাজারে এসেছে। দেশের আইনশৃঙ্খলা ঠিক রাখতে এসব সেট শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, অবৈধ সেটগুলো বৈধ করার সুযোগ দিতে সবার কাছে মেসেজ পাঠানো হবে।
এ ক্ষেত্রে কারো মোবাইল ফোন বন্ধ বা যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হবে না উল্লেখ করে বিটিআরসির কমিশনার বলেন, বিদেশ থেকে আনা সেটের নিবন্ধন করতে হবে বৈধ কাগজপত্র জমা দিয়ে। জানা গেছে, বিভিন্নভাবে অবৈধভাবে দেশে আসা মোবাইল ফোনগুলো শনাক্ত করার উদ্যোগ নিয়েছে বিটিআরসি। এ জন্য ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এই ধরনের প্রযুক্তির ব্যবহার দেশে এটিই প্রথম।