admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২১ ৮:২৮ অপরাহ্ণ
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার আবারও রক্তক্ষরণ হচ্ছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা আবারো সংকটাপন্ন হয়ে পড়েছে। আবারো তার রক্তক্ষরণ হচ্ছে। জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে আজ বুধবার, ৮ ডিসেম্বর, এ কথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, চিকিৎসকরা লিভার সিরোসিসের পুরোপুরি চিকিৎসা করতে সক্ষম হবেন এমন কোনো প্রযুক্তি বাংলাদেশে নেই। চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার বিষয়টা একদিনের বিষয় নয়, দীর্ঘ দিন ধরে তার এই রোগ হয়েছে।
কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল কারাগার ও হাসপাতালে তার কোনো চিকিৎসা হয়নি। তার অবস্থা আবারো সংকটাপন্ন হয়ে পড়েছে, আবারো তার রক্তক্ষরণ হচ্ছে। বিএনপির সিনিয়র এই নেতা বলেন, চিকিৎসকরা এটা খুব স্পষ্ট করেই বলে দিয়েছেন যে, খালেদা জিয়ার জীবন রক্ষা করতে হলে তাকে অতি দ্রুত বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দিতে হবে। প্রথম থেকেই সরকার এই বিষয়ে পুরোপুরি নেতিবাচক অবস্থান নিয়েছে এবং দেশনেত্রীর চিকিৎসার কোনো ব্যবস্থা করছে না। অথচ তিনি, খালেদা জিয়া, সুস্থ অবস্থায় হেঁটে কারাগারে গিয়েছিলেন।
মির্জা ফখরুল প্রশ্ন করে বলেন খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের এত অনীহার কারণ কী? কারণ একটাই, সেটা হল তিনিই একমাত্র রাজনীতিক যিনি এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কথা বলেন। সে কারণেই খালেদা জিয়াকে তারা তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।