admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২০ ৮:৪২ পূর্বাহ্ণ
বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানির বিশেষ অনুমতি দিয়েছে। ভারতে ইলিশ রপ্তানির সেই প্রেক্ষিতে আগামী সপ্তাহে প্রায় দেড় হাজার টন ইলিশ বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবে। এ নিয়ে বর্তমানে প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। ভারতে ইলিশ রপ্তানির বিশেষ অনুমতি, শুক্রবার তথ্যটি নিশ্চিত করে মাছ আমদানিকারক সমিতির সেক্রেটারি সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, বৃহস্পতিবার রাতে সরকারের পক্ষ থেকে এ অনুমতি দেয়া হয়েছে।
তিনি বলেন, সম্প্রতি প্রায় ২০০ রপ্তানিকারক ভারতে ইলিশ রপ্তানির জন্য সরকারের কাছে অনুমতি চেয়ে চিঠি দেন। তাদের মধ্যে মাত্র ৯ জনকে রপ্তানির অনুমতি দেয়া হয়েছে। ফলে আগামী সপ্তাহে ১ হাজার ৪৫০ টন ইলিশ বেনাপোল সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে।
বাংলাদেশ থেকে ৮০০-১২০০ গ্রামের ওজনের ইলিশ ভারতে যাবে। আকারের ওপর নির্ভর করে এগুলো পাইকারিতে কেজি প্রতি ৮০০ থেকে ১৪০০ টাকা করে বিক্রি করা হবে, যোগ করেন সৈয়দ আনোয়ার মকসুদ ২০১২ সাল থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রয়েছে। দেশের চাহিদা মেটানোর জন্য এ উদ্যোগ নিয়েছিল সরকার। তবে গত বছর পূজার সময় উপহার হিসেবে পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ব্যবসায়ীরা বলছেন, রপ্তানি নিষিদ্ধ থাকলেও প্রতি বছর ভরা মৌসুমে হাজার হাজার টন ইলিশ ভারতে পাচার হয়ে আসছে। চোরাই পথে এগুলো সেখানে নিয়ে যান কিছু অসাধু ব্যবসায়ী।