admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২০ ৬:০৮ অপরাহ্ণ
বাংলাদেশ সরকার ভারতের জন্য পূজার উপহার ১৪৫০ মেট্রিক টন ইলিশ। বেশ কয়েক বছর বন্ধ থাকার পর গত বছর থেকে পূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিচ্ছে বাংলাদেশ সরকার। গত বছর এর পরিমাণ ছিল ৫০০ মেট্রিক টন। এবার প্রায় ৩ গুণ (১ হাজার ৪৫০ মেট্রিক টন) ইলিশ রপ্তানির অনুমতি মিলেছে। ভারতের দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের লিখিত অনুমতি পৌঁছে গেছে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে।
মোট ৯টি সংস্থাকে ইলিশ রপ্তানির এই অনুমতি দেওয়া হয়েছে। প্রত্যেকে ১৫০ মেট্রিক টন করে রপ্তানি করতে পারবেন। তবে আমদানি শুরুর আগে সংস্থাগুলোকে দিল্লি থেকে ‘স্যানিটারি ইমপোর্ট পারমিট’ আদায় করতে হবে। আশা করা হচ্ছে, এই প্রক্রিয়া শেষে চলতি সপ্তাহ থেকেই ইলিশ রপ্তানি শুরু হবে। রপ্তানি শেষ হবে ১০ অক্টোবরের মধ্যে।
রপ্তানির নির্দেশিকা অনুযায়ী জানা যায়, পেট্রাপোল সীমান্ত দিয়ে প্রথমে ইলিশ যাবে কলকাতায়। সেখান থেকে যাবে হাওড়া ও শিলিগুড়ি। পশ্চিমবঙ্গের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিং জানান, আমরা প্রস্তুতি রয়েছে। ইলিশ আমদানির ক্ষেত্রে যথাযথ সহযোগিতা করা হবে।
ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সচিব সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, বাংলাদেশে শুক্রবার সরকারি ছুটি আর ভারতে রোববার। তাই আশা করছি, চলতি সপ্তাহের সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি শুরু হবে।