admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২১ ৯:৩৮ পূর্বাহ্ণ
বাংলাদেশে ২০২৫ সালের মধ্যে মিলবে ব্রডব্যান্ড ইন্টারনেট। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সব এলাকা ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আইসিটি, বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একই সঙ্গে গ্রামীণ অর্থনীতি চাঙা করতে সরকার ডিজিটাল অন্তর্ভুক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। প্রোগ্রাম অন ফ্রন্টিয়ার টেকনোলজি পলিসি এক্সপেরিমেন্টেশন অ্যান্ড রেগুলেটরি সেন্ডবক্সেস ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক বাই ইউনাইটেড নেশন ডিপার্টমেন্ট অব ইকোনমি অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স শীর্ষক ওয়েবিনারে আজ মঙ্গলবার, ১৬ নভেম্বর, তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তৃতায় আইসিটি প্রতিমন্ত্রী বলেন, করোনা মহামারির মধ্যে বাংলাদেশে টেলিহেলথের বিকাশ ঘটেছে ৩০০ শতাংশের বেশি। টেস্ট রিপোর্ট শেয়ারিং, ভিডিও কনফারেন্সিং, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও সেবা পেতে এই করোনাকালে গড়ে উঠেছে ১৩ হাজার কমিউনিটি হেলথ ক্লিনিক। যার ৯৮ শতাংশই মোবাইলে সংযুক্ত হয়। পলক বলেন, আমাদের নতুন প্রজন্ম যাতে এআর, ভিআর, আইওটি, রোবটিকস এবং ব্লকচেইন প্রযুক্তির মতো ফ্রন্টিয়ার টেকনোলজির সঙ্গে সহজেই পরিচিত হতে পারে, সেজন্য সারাদেশে ৩০০ স্কুল অব ফিউচার স্থাপনের কাজ চলছে।
এর মাধ্যমে তারা প্রযুক্তি বিষয়ক জ্ঞান আহরণ করবে এবং নিজেদের দক্ষ করে তুলতে সক্ষম হবে। এদিন ওয়েবিনারে অন্যদের মধ্যে যুক্ত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযাগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, এটুআই প্রগ্রামের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী প্রমুখ।