admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২১ ৮:২৮ অপরাহ্ণ
বাংলাদেশে শিশুদের টিকা প্রয়োগ চলতি সপ্তাহেই। ১৮ বছরের কম বয়সীদের করোনাভাইরাসের টিকা প্রয়োগ শুরু হচ্ছে। এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমতি পাওয়ায় পর উদ্যোগ নেয় সরকার। যথাযথ প্রস্তুতি শেষে আজ মঙ্গলবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানান, চলতি সপ্তাহেই ১২ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের টিকা প্রয়োগ শুরু হচ্ছে। ডা. এবিএম খুরশীদ আলম আরও বলেন, শিশুদের টিকা দেয়ার জন্য আলাদা কেন্দ্র স্থাপন করা হয়েছে। তাদের নিবন্ধন করা হবে শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে।
সারাদেশে আপাতত ২১টি কেন্দ্রে শুরু হবে এই কার্যক্রম। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে এটাকে আরও বিস্তৃত করা হবে। দুই-তিনদিনের মধ্যেই এই কার্যক্রম শুরু করতে পারবো। শিশুদের করোনাভাইরাস প্রতিরোধী টিকা দিতে চায় সরকার- অনেকদিন ধরেই এমনটা বলে আসছিলেন প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট অনেকে। কিন্তু এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমতি না পাওয়ায় শিশুদেরকে টিকাদানের উদ্যোগ নেওয়া যায়নি। অবশেষে গত ১০ অক্টোবর সেই কাঙ্ক্ষিত অনুমতি পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
শিশুদেরকে ফাইজারের টিকা দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের কাছে ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা মজুদ আছে। কয়েকদিনের মধ্যে আরও ৪০ লাখ ডোজ পাওয়া যাবে। তাই শিশুদের টিকা দেওয়া শুরু করতে আমাদের কোনো বাধা নেই। তবে ফাইজারের টিকা সব জায়গায় সংরক্ষণ করা যায় না বলে এ ব্যাপারে কিছুটা সমস্যার মুখে পড়তে হতে পারে।