admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ জুন, ২০২০ ৬:২৫ অপরাহ্ণ
বাংলাদেশে গত চব্বিশ ঘণ্টায় প্রায় ৩২’শ জন করোনাভাইরাসে রোগী শনাক্ত, ৩৭ জনের মৃত্যুঃ করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে মাস্ক ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে। বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৮৭ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৯ জনে।
মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ হাজার ৫২ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, ১৫ হাজার ৭৭২ টি নমুনা পরীক্ষা করে এই রোগীদের শনাক্ত করা হয়। এই সময়ে সুস্থ হয়েছেন ৮৪৮ জন। এ নিয়ে বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭৮৭ জন। এদিকে জনস হপকিন্স ইউনিভার্সিটি এন্ড মেডিসিনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের ১৮৮টি দেশ বা অঞ্চলের ৭৩ লক্ষ ৬০ হাজার ২৩৯জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১৬ হাজার ২০১ জনের। যারা মারা গেছেন অধ্যাপক নাসিমা সুলতানা জানান, যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী সাত জন। বয়সের হিসাবে:
৩১ থেকে ৪০ বছর: ২ জন
৪১ থেকে ৫০ বছর: ৪ জন
৫১ থেকে ৬০ বছর: ৮ জন
৬১ থেকে ৭০ বছর: ২২ জন
৭১ থেকে ৮০ বছর: ১ জন
তাদের মধ্যে ঢাকা বিভাগের বাসিন্দা ২০ জন, চট্টগ্রাম বিভাগের ৭ জন, রাজশাহী বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ২ জন ও রংপুর বিভাগে ১জন মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে মারা গেছেন ২৮ জন এবং বাসায় মারা গেছেন ৯ জন।