admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২১ ৭:৩৩ পূর্বাহ্ণ
বাংলাদেশের পুলিশ ও র্যাব প্রধানসহ ৭ কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্র সরকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের, র্যাব, সাবেক ও বর্তমান মিলে মোট ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে এ নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট বা রাজস্ব বিভাগ। যে ৭ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছেন র্যাবের সাবেক মহাপরিচালক, ডিজি, বেনজীর আহমেদ। বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বেনজীর আহমেদের ওপর দেশটিতে প্রবেশেও নিষেধাজ্ঞা দিয়েছে। তার সঙ্গে রয়েছেন র্যাব-৭ এর সাবেক অধিনায়ক মিফতাহ উদ্দীন আহমেদ। তারও যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য কর্মকর্তারা হলেন— র্যাবের বর্তমান মহাপরিচালক, ডিজি, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং অতিরিক্ত মহাপরিচালক, অপারেশন্স, খান মোহাম্মদ আজাদ। এ ছাড়া অন্যরা হলেন—র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক, অপারেশন্স, তোফায়েল মোস্তফা সরওয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক, অপারেশন্স মো. আনোয়ার লতিফ খান এবং সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মো. জাহাঙ্গীর আলম।
যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির রাজস্ব বিভাগের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর সরকারের নির্বাহী আদেশ ১৩৮১৮–এর আওতায় । এ আদেশে মানবাধিকার লঙ্ঘন বা দুর্নীতিতে সম্পৃক্ত ব্যক্তির সম্পদ বাজেয়াপ্তের কথা বলা হয়েছে নিষেধাজ্ঞায়।