admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২১ ৮:৫৮ পূর্বাহ্ণ
বাংলাদেশের পুঁজিবাজার ২’ শ কোটি টাকার নতুন বন্ড ও মিউচুয়াল ফান্ড আসছে। পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা নতুন ২০০ কোটি টাকার বন্ড ও একটি মিউচুয়াল ফান্ড অনুমোদন করেছে। আজ মঙ্গলবার, ৩০ নভেম্বর, এক সভায় এ অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রিমিয়ার ব্যাংক বন্ড ছাড়ার মাধ্যমে পুঁজিবাজার থেকে ২০০ কোটি টাকা তোলার অনুমোদন পেয়েছে।
এই বন্ডের প্রতি ইউনিটের দাম হবে ৫ হাজার টাকা। আর সুদের হার হবে ৬ থেকে ১০ শতাংশ। সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এই বন্ড কিনতে পারবে সরকারি আর্থিক প্রতিষ্ঠান, ইনস্যুরেন্স কোম্পানি, আঞ্চলিক রুরাল ব্যাংক, তালিকাভুক্ত ব্যাংক, মিউচ্যুয়াল ফান্ড, সমবায় ব্যাংক, সংগঠন এবং ট্রাস্ট ও স্বায়ত্তশাসিত করপোরেশন।
প্রিমিয়ার ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্ড ছাড়ার মাধ্যমে যে অর্থ তোলা হবে তা দিয়ে কোম্পানির মূলধন ভিত্তি শক্ত করা হবে। বন্ডটি হবে কনভার্টেবল। অর্থাৎ এই বন্ডকে শেয়ারেও রূপান্তর করা যাবে। কোনো জামানত লাগবে না এই বন্ড ছাড়ার ক্ষেত্রে। এমটিবি ক্যাপিটাল বন্ডটির ট্রাস্টি হিসেবে থাকছে। এ ছাড়া ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড আছে অ্যারেঞ্জার, ইস্যু ম্যানেজার ও আন্ডার রাইটার হিসেবে।
অপরদিকে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একই দিন একুশ গ্রোথ ফন্ড নামে (ওপেন-এন্ড) ২৫ কোটি টাকার একটি মিউচুয়াল ফান্ডের অনুমোদন দিয়েছে। একুশ ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড এই মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে আছে। এ ছাড়া ট্রাস্টি হিসেবে আছে সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। একই সঙ্গে ব্র্যাক ব্যাংক লিমিটেড আছে কাস্টডিয়ানের ভূমিকায়।