admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২১ ৯:৪৪ পূর্বাহ্ণ
বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাকে আজ থেকে ৩০ টাকা দরে পেঁয়াজ পাওয়া যাবে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাকে আজ থেকে যুক্ত হচ্ছে পেঁয়াজ। অর্থাৎ, টিসিবির গাড়িতে তেল, ডাল, চিনির সাথে পাওয়া যাবে পেঁয়াজও। একজন ক্রেতাকে সর্বোচ্চ দুই কেজি পেঁয়াজ দেয়া হবে বলে জানা গেছে। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় টিসিবি। এতে বলা হয়, প্রতি কেজি ৩০ টাকা দরে একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন। প্রতি ট্রাকের জন্য ৩০০ থেকে ৬০০ কেজি পেঁয়াজ বরাদ্দ রাখা হবে। এক্ষেত্রে আমদানি করা ভারতীয় পেঁয়াজই পাবেন ক্রেতারা।
টিসিবির মুখপাত্র হুমায়ুন কবীর গণমাধ্যমকে জানান, টিসিবির ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রমে পেঁয়াজ যুক্ত করার নীতিগত সিদ্ধান্ত আগেই নেয়া হয়েছে। দুই বছর ধরে পেঁয়াজের দামের ঊর্ধ্বগতির অভিজ্ঞতার আলোকে স্থানীয় বাজার নিয়ন্ত্রণে টিসিবি প্রতিবছর সেপ্টেম্বর মাস থেকে পণ্য বিক্রি কার্যক্রমে পেঁয়াজ যুক্ত করার সিদ্ধান্ত নেয়।
গতকাল শনিবার ঢাকার বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪২ থেকে ৪৫ টাকা এবং ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ৩৮ থেকে ৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ঢাকার কারওয়ান বাজারে পাইকারিতে দেশি পেঁয়াজ ৩৭ থেকে ৪০ টাকা এবং আমদানি করা ভারতীয় পেঁয়াজ পাইকারিতে ৩৬ টাকা দরে বিক্রি হয়েছে। তবে একেবারে খুচরা পর্যায়ে ঢাকার বিভিন্ন বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৫০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।