admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২২ ৯:১৭ অপরাহ্ণ
মিরু হাসান,বগুড়া জেলা সংবাদদাতাঃ ১৩ ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীদের গ্রেফতার এবং গুলিতে নিহত ও আহত হওয়ায় বগুড়ায় প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকালে শহরের নবাববাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, শহীদুন নবী সালাম, খায়রুল বাশার, জয়নাল আবেদীন চাঁন, মাফতুন আহমেদ খান রুবেল, মনিরুজ্জামান মনির এবং জাহিদুল ইসলাম হেলাল।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির নেতাকর্মীদের আটক রেখে প্রতিবাদ বন্ধ করা যাবে না। সরকার পতনের আন্দোলন চলবে। শত ভয়ভীতি উপেক্ষা করে ঢাকায় যেভাবে গণসমাবেশ সফল হয়েছে তেমনি সারাদেশে সরকারবিরোধী আন্দোলনে মানুষ ঝাঁপিয়ে পড়বে। অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি না দিলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে বলে জানান তারা। পাশাপাশি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন চান নেতাকর্মীরা।