admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ জুন, ২০২৩ ৪:৫৯ অপরাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ায় বাস চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এসময় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসে আগুন লাগিয়ে দেয়৷ নিহতের নাম বাদশা মিয়া। তিনি সদরের গোকুল উত্তর পাড়ার মৃত অহিদ উদ্দিনের ছেলে।
মঙ্গলবার সকালে সদর উপজেলার গোকুল বন্দর এলাকায় ঢাকা- বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে৷ পরে ফায়ার সার্ভিস এবং পুলিশ যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় চালককে আটক করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর(তদন্ত) মো: শাহীনুজ্জামান।
ইন্সপেক্টর শাহীনুজ্জামান বলেন, সকাল সাড়ে সাতটার দিকে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে রংপুরগামী শ্যামলী পরিবহনের বাস চাপায় বাদশা মিয়ার মৃত্যু হয়। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওই বাসে আগুন লাগিয়ে দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীকে শান্ত করাসহ এবং চালককে আটক করে।