admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:৫৬ অপরাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার ভোররাতে সাড়ে তিনটার দিকে সরকারি আজিজুল হক কলেজের সামনে এই দূর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির নাম আব্দুল মজিদ। ৫৫ বছর বয়সী মজিদ শেরপুর উপজেলার ভবানীপুর এলাকার মৃত কাশেম আলীর ছেলে। তবে তিনি পরিবার নিয়ে শহরের রহমাননগর এলাকায় থাকতেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক( এসআই) আমিনুল ইসলাম।
এসআই আমিনুল ইসলাম বলেন, রাত সাড়ে তিনটার দিকে রংপুর থেকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেসের ধাক্কায় মজিদ নিহত হন। পরে খবর পেয়ে সকাল সাড়ে আটটার দিকে মরদেহ উদ্ধার হয়। পরিবারের বরাত দিয়ে তিনি আরও বলেন, মজিদ আগে বাসের ড্রাইভার ছিলেন। ছয় বছর ধরে তার কোন কাজ নেই। তিনি ভবঘুরের মত বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতো এবং মানসিক রোগেও ভুগছিলেন তিনি। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
