admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২১ ৮:৫৫ পূর্বাহ্ণ
ফিলিস্তিনের গাজায় সহস্র হাফেজকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। ফিলিস্তিনে পবিত্র কোরআনের অন্তত এক হাজার হাফেজকে বিশেষ সম্মাননা দিয়েছে দেশটির একটি বেসরকারি সংস্থা। স্থানীয় সময় বুধবার, ২৭ অক্টোবর, ইসরায়েলি হামলায় বিপর্যস্ত গাজায় এক অনুষ্ঠানে এই সম্মাননা দেয়া হয়। চলতি বছরের শুরুতে এ সংক্রান্ত ক্যাম্প ঘোষণা করেছিল ‘দারুল কোরআনুল কারিম ওয়াস সুন্নাহ’ নামের ওই সংস্থাটি। আনাদুলু এজেন্সি জানায়, ক্যাম্পের অধীনে বিভিন্ন বয়সের ফিলিস্তিনি নারী-পুরুষ পবিত্র কোরআন মুখস্থ করেন। এই গৌরব অর্জন করা এসব মানুষ দেশটির জাতীয় পরিচয়ের প্রতীক কেফিয়াহ পরে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হন।
তারা ফাঁকে ফাঁকে সুরেলা তিলাওয়াত ও আরবি নাশিদ গেয়ে অনুষ্ঠানকে আরো আকর্ষণীয় করে তোলেন। এ বিষয়ে দারুল কোরআনুল কারিম ওয়াস সুন্নাহ’র গাজার আঞ্চলিক প্রধান আব্দুর রহমান জামাল বলেন, নিয়মিতভাবে হাফেজে কোরআনদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করে আসছি। এই আয়োজন হাফেজদের জন্য বিশেষ সম্মানের। তবে আল্লাহর কাছে তাদের জন্য সবচেয়ে উত্তম ও স্থায়ী সম্মান অপেক্ষা করছে।
দারুল কোরআন খ্যাত এই ক্যাম্পে হিফজ সম্পন্ন করতে পেরে মহান আল্লাহর শুকরিয়া প্রকাশ করেন মুফতি আব্দুর রহমান মুরতাজা নামের একজন। তিনি বলেন, কয়েকটি মাস কোরআন মুখস্থ করার সময় বেশকিছু আয়াতের অর্থও উপলব্ধি করতে পেরেছি। জানা যায়, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত দারুল কোরআনুল কারিম ওয়াস সুন্নাহ নিয়মিতভাবে পবিত্র কোরআনের বহুমুখী পাঠের উন্নয়নে কাজ করে আসছে। সংস্থাটির প্রধান বেলাল ইমাদ জানান, এখন পর্যন্ত অন্তত ৩০ হাজার ফিলিস্তিনি হাফেজ তৈরি করতে পেরেছেন তারা।