admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২২ ১০:১৬ অপরাহ্ণ
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে তীব্র গরমে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছেন শ্রমজীবী, কৃষক সাধারণ মানুষ। শুক্রবার ২ সেপ্টেম্বর উপজেলা বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়,অনেক রোদ থেকে বাঁচতে ছাতা নিয়ে রাস্তায় চলাফেরা করছেন অনেকে। এছাড়া কিছুটা স্বস্তির আশায় ডাব ও শরবতের দোকানগুলোয় ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ।
প্রচণ্ড গরমের কারণে পুকুরগুলোতে গোসল করতে দেখা গেছে অনেক শিশু-কিশোর এমন কি কুকুরও পানিতে নেমে শরীর ভিজিয়ে রাখতে দেখা মিলছে । সেই সাথে গরমের মধ্যে লোডশেডিং বাড়ায়ও অতিষ্ঠ সাধারণ মানুষ। রাস্তাঘাটে সূর্যের তাপ থেকে বাঁচতে গাছের ছায়ায় বা ঠান্ডা জায়গায় আশ্রয় নিতে দেখা যায় অনেককে। গৃহবধূ সাধনা রায় বলেন, ঘরে বসে থেকেও ঘেমে যাচ্ছে মানুষ। দিনে কয়েকবার করে গোসল করেও স্বস্তি পাওয়া যাচ্ছে না। অনেকে মেঝেতে বিছানা পেতে স্বস্তি খুঁজছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে নারী, শিশু ও শিক্ষার্থীরা।
অটোভ্যান চালক হান্নান মোল্লা বলেন, তীব্র গরমে ভ্যান চালানো কঠিন হয়ে পড়েছে। গরমে জীবন যাপন অতিষ্ঠ হয়ে উঠেছে। মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খালেদুর রহমান বলেন, অতিরিক্ত তাপদাহের কারণে পানি শূন্যতাসহ অনেকেই এ সময় ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। অতিরিক্ত গরম পড়ায় ডায়রিয়া ছাড়াও শিশুসহ বয়স্করা আক্রান্ত হচ্ছেন গরম ও ঠাণ্ডাজনিত নানা রোগে। তবে এতে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। সতর্ক হয়ে চললেই ঠিক হয়ে যাবে।