admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২০ ৯:৫৭ পূর্বাহ্ণ
প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা বলেছে মৃত্যুদণ্ডই হবে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। শনিবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জুম প্লাটফর্মে এ অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ন্যাশনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার, বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ।
প্রতিমন্ত্রী বলেন, দেশে ধর্ষণ প্রতিরোধ ও এর প্রতিকারে আওয়ামী লীগ সরকার খুবই তৎপর। তবে সমাজ থেকে এ ব্যাধি দূর করতে পরিবারেরও দায়িত্ব রয়েছে। পরিবারের সদস্যদের শিশুদের প্রতি নজর রাখতে হবে। তাদের নৈতিক শিক্ষা দিতে হবে। কারণ শিশুদের শেখা শুরু পরিবার থেকেই। আর ধর্ষকরা সমাজের অংশ, পরিবারের অংশ।
নীতি-নৈতিককতা বিবর্জিতরাই ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত উল্লেখ করে তিনি আরো বলেন, ধর্ষকদের আর কোনো পরিচয় নেই। তারা শুধু ধর্ষকই। এদের বর্জন করতে হবে। সমাজের সর্বস্তর থেকে এদের সরিয়ে ফেলতে হবে।
ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই হবে উল্লেখ করে তিনি আরো বলেন, এ বিষয়ে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই উদ্যোগই প্রমাণ করে দেশে নারীর নিরাপত্তা দিতে পারে শুধু আওয়ামী লীগ সরকারই।
প্রতিমন্ত্রী আরো বলেন, বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) বিশ্বের উন্নত ও অনুন্নত সকল দেশের মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলছে। সকল বয়সী মানুষের ওপরই এই নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। তাই সকলের মানসিক স্বাস্থ্যের পর আরো বেশি গুরুত্ব দিতে হবে।