admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২২ ১০:৪৭ পূর্বাহ্ণ
প্রতিমন্ত্রী পলকের দুই ছেলেসহ করোনা শনাক্ত। বিশ্বজুড়ে ওমিক্রন আতঙ্কের মধ্যেই করোনা পজিটিভ হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তার সাথে করোনা ধরা পড়েছে তার পরিবারের অন্য দুই সদস্যেরও। দুই ছেলেসহ করোনাক্রান্ত হয়েছেন জুনাইদ আহমেদ পলক
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে প্রতিমন্ত্রী নিজেই তার এবং দুই ছেলের করোনা পজিটিভ হওয়ার কথা জানান। ওই স্ট্যাটাসে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টা ৪০ মিনিটে দেয়া ফেসবুক স্ট্যাটাসে মন্ত্রী জানান, ‘কিছুক্ষণ আগে কোভিড টেস্ট রিপোর্ট পেয়েছি। রিপোর্টে আমার, বড় ছেলে অপূর্ব ও মেজ ছেলে অর্জনের কোভিড পজেটিভ এসেছে। আমার পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলুন। টিকা গ্রহণ করুন। মহান আল্লাহ আমাদের সকলকে নিরাপদে রাখুন। আমিন।
এ অবস্থায় ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে অনুষ্ঠেয় দ্বি-পাক্ষিক বৈঠক স্থগিত করা হয়েছে। আইসিটি টাওয়ারে আজ বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উল্লেখ্য, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ১৫ দিনব্যাপী কানাডা ও যুক্তরাষ্ট্র সফর শেষে গত ১ জানুয়ারি দেশে ফেরেন। এ সময় তিনি সুস্থ থাকলেও সতর্কতার জন্য আরটিপিসিআর পরীক্ষা করালে তিনিসহ পরিবারের তিনজনের করোনা পজিটিভ আসে। তবে সঙ্গে থাকা স্ত্রী আরিফা জেসমিন কণিকা এবং ছোট ছেলে সুস্থ আছেন।