admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২০ ৬:১০ অপরাহ্ণ
রফিক উল হক চিরনিদ্রায় শায়িত বনানী গোরস্থানে। দেশের প্রখ্যাত আইনজীবী এবং সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের দাফন সম্পন্ন হয়েছে। বিকেল ৪টার কিছুক্ষণ পর স্ত্রী ডা. ফরিদা হকের কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে দুপুর ২টা ১৫ মিনিটে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মরহুমের তৃতীয় ও শেষ জানাজা। এতে প্রধান বিচারপতিসহ বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নিয়েছেন।
উল্লেখ্য, আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রথিতযশা আইনজীবী ব্যরিস্টার রফিক উল হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। ১৯৩৫ সালের ২ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন রফিক-উল হক। পিতা মুমিন উল হক। ১৯৫৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, ১৯৫৭ সালে দর্শন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং ১৯৫৮ সালে এলএলবি অর্জন করেন তিনি। ১৯৬১ সালে ব্যারিস্টার (বার-এট-ল) ডিগ্রি অর্জন করেন।
রফিকুল হক ১৯৬০ সালে কলকাতা উচ্চ আদালতে আইনজীবী হিসেবে বারের সদস্য হন। ১৯৬২ সালে তিনি ঢাকা উচ্চ আদালতে যোগদান করেন এবং ১৯৬৫ সালে পাকিস্তানের সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট হিসেবে ভর্তি হন। ১৯৭৫ সালে তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে সিনিয়র আইনজীবী হিসেবে যোগ দেন। ১৯৯০ সালে তিনি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন।