admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২২ ৯:৩৮ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টার ধামরাই ঢাকা থেকেঃ ধামরাই উপজেলায় পরিবহন শ্রমিকের সন্তানদের জন্য বিনা বেতনে পড়ালেখা করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন উপজেলা শাখা। শনিবার দুপুরে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
ধামরাই উপজেলা নিরাপদ সড়ক আন্দোলনের সহ-সভাপতি মো. ইমরান হোসেনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি নাহিদ মিয়া। এতে পরিবহন শ্রমিকরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষিত, সচেতন ও সুশৃঙ্খল জাতি গঠনের পূর্বশর্ত হিসেবে পরিবহন শ্রমিকদের জীবনমানের উন্নয়নের সঙ্গে সঙ্গে তাদের সন্তানদের নূন্যতম শিক্ষা নিশ্চিত করতে হবে।
তারা বলেন, সড়ক নিরাপদ করতে হলে পরিবহন শ্রমিকদের নিরাপদ জীবন দিতে হবে। তাদের কর্মঘণ্টা নির্দিষ্ট করতে হবে এবং তাদের সন্তানদের স্কুলের বেতন ফ্রি করতে হবে। কারণ মাথায় চিন্তা নিয়ে সড়কে নেমে ভালোমতো গাড়ি চালানো যায় না। এ জন্য সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এতে বক্তব্য রাখেন, সহ-সভাপতি আবুল কালাম মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ছাইদুল ইসলাম, স্বপ্নডানা সংগঠনের সভাপতি শাহরিয়ার ফেরদৌস রানা, সবুজ আন্দোলনের ধামরাই সভাপতি শাহিন আলম, অংকুর সভাপতি মঞ্জুরুল হক রনি, শ্রমিক নেতা শামিম হোসেন প্রমুখ।