admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ জুন, ২০২১ ৭:২১ অপরাহ্ণ
পরিকল্পনামন্ত্রী ঢাকার রাস্তায় নিজের মোবাইল ফোন ছিনতাই হবার বর্ণনা দিলেন। বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ছিনতাই করা মোবাইলটি ফোনটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। গত ৩০শে মে সন্ধ্যায় মোবাইল ফোনটি ছিনতাই হবার পর কাফরুল থানায় একটি জিডি করা হয়েছে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিমুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেছেন, পরিকল্পনামন্ত্রীর অফিস থেকে এ সংক্রান্ত একটি জিডি দায়ের করা হয়েছে।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ৩০শে মে সন্ধ্যায় অফিস থেকে বের হয়ে ৬:৪৫ মিনিটে বিজয় সরণী এলাকা অতিক্রম করছিলেন এক পর্যায়ে গাড়িটি সিগন্যালে অপেক্ষা করছিল। এ সময় গাড়ির এসি বন্ধ করে দিয়ে কাঁচ নামিয়ে দেন মন্ত্রী। মি. মান্নান বলেন, গাড়িটা দাঁড়িয়ে ছিল। আমি পেছনের সিটে বসা ছিলাম, আমার হাতে মোবাইল ছিল। আমি মোবাইলে কিছু একটা করছিলাম। হয়তো নিউজ পড়ছিলাম।
হঠাৎ করে এক ঝলকে অবিশ্বাস্য রকম গতিতে ঝড়ের মতো এসে হাত থেকে মোবাইল ফোন নিয়ে চলে গেল। আমি দেখিনি লোকটাকে। আমাদের লোক গাড়ি থেকে নামলো। কিন্তু ঐ ৩০-৪০ সেকেন্ডের মধ্যে লোকটা কোথায় মিশে গেল। এই ঘটনা বেশ অবিশ্বাস্য ঠেকেছে মন্ত্রীর কাছে। তিনি এই ঘটনা এখনো বিশ্বাস করতে পারছেন না। মনে হলো কী যেন হয়ে গেল, বলেন মি. মান্নান। মোবাইল ফোনটি উদ্ধার করতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।