admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২১ ৯:৪৮ পূর্বাহ্ণ
পবিত্র কাবা শরিফ ও মসজিদে নববী সাবেক চেহারায় ফিরল। কাবা শরিফের প্রত্যেক নামাজের ইকামতের পর বলা হতো, লেগে লেগে দাঁড়ান, কাতারের মাঝে ফাঁক রাখবেন না। করোনার দরুণ সে আহ্বান বন্ধ হয়ে যায়। একেবারে ফাঁকা হয়ে পড়ে হারাম শরিফ। এক পর্যায়ে সীমিত সংখ্যক মুসল্লি নিয়ে নামাজ আদায় শুরু হয়। অবশেষে প্রায় দুই বছর পর উঠিয়ে নেয়া হল সংখ্যার বিধিনিষেধ। বহুদিন পর রোববার সকালে আবারো আবেগে উচ্চারিত হল ইকামতের পরের বাক্যগুলো। আবেগ চেপে অন্তরের গভীর থেকে শব্দগুলো উচ্চারণ করেন হারামের ইন্দালিব বা নাইটিঙ্গেল খ্যাত শায়খ বালিলা।

পবিত্র কাবা শরিফ ও মসজিদে নববী সাবেক চেহারায় ফিরল। একইদিন মসজিদে নববী থেকেও তুলে নেয়া হয় সামাজিক দূরত্বের বাধ্যবাধকতা। মুসল্লিদের মধ্যে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায়ের আনন্দ দেখা যায়। সব মিলিয়ে আবারো আগের চেহারায় ফিরেছে হারামাইন শরিফাইন। দেশটির সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা শিথিলের সাথে সামঞ্জস্য এবং সম্পূর্ণ ধারণক্ষমতা অনুযায়ী গ্র্যান্ড মসজিদে হজযাত্রী ও দর্শনার্থীদের অনুমতি দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহামারি শুরু হওয়ার পর প্রথমবারের মতো রোববার এ মসজিদে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা। সামাজিক দূরত্ব বিধি মানতে মসজিদের ভেতরে এবং বাইরে নামাজ আদায়ের জন্য যে গোল চিহ্ন আঁকা হয়েছিল সেগুলোও তুলে ফেলা হয়। সামাজিক দূরত্ব বিধি প্রত্যাহার হলেও কর্তৃপক্ষ বলছে, দর্শনার্থীদের অবশ্যই করোনাভাইরাসের টিকার ডোজ সম্পূর্ণ করতে হবে এবং মসজিদ প্রাঙ্গণে মাস্ক পরতে হবে। একই সাথে পবিত্র কাবা শরিফ এখনো ঘেরা থাকবে।
মুসল্লিদের আপাতত সেখানে যাওয়ার সুযোগ মিলছে না। মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সৌদি আরবে ৫ লাখ ৪৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮ হাজার ৭৬০ জন।