admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২১ ১১:৪১ পূর্বাহ্ণ
পটুয়াখালীর মহিপুরের বিপিনপুর গ্রামে খাওয়ায় গোশত কম হওয়ায় বর-কনে পক্ষের সংঘর্ষে আহত ১০ জন। করোনা কালে বিয়ে বাড়ির খাওয়ায় গোশত কম দেয়া নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় তিন জন গুরুতরসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর মহিপুরের বিপিনপুর গ্রামে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা রাসেল (২৫), সেলিম (৩০) ও হাসানকে (২৬) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, মাস দেড়েক আগে বিপিনপুরের আরিফের সঙ্গে একই গ্রামের রাজিয়ার বিয়ে হয়। উভয় পক্ষের সম্মতিতে ছেলে পক্ষ মেয়েকে আনুষ্ঠানিকভাবে তুলে আনে গত বুধবার। আজ মেয়েকে আনতে যায় মেয়ে পক্ষ। ছেলের বাড়িতে খাওয়ার সময় গোশত কম দেয়ার অভিযোগ করেন মেয়ে পক্ষের লোকজন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুপক্ষের মধ্যেকার সংঘর্ষ এতটাই ব্যাপক হয় যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে খবর দিতে হয়। এতে বিয়ের প্যান্ডেল ও আসবাবপত্র ভাঙচুরের ঘটনা ঘটে। এ বিষয়ে মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে উভয় পক্ষকে শান্ত করে। এ ঘটনায় কোনো অভিযোগ আসেনি থানায়, পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।