admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২২ ৬:২৫ অপরাহ্ণ
মোঃ জুলহাস উদ্দীন,পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাল্য বিবাহ, ইভটিজিং, ধর্ষণ কে ‘না’ বলে লাল কার্ড প্রদর্শন করে শপথ নিয়েছে তিন শতাধিকের বেশি শিক্ষার্থী। সোমবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বেগম ফখরুন্নেসা ফাযিল মাদরাসায় লাল সবুজ উন্নয়ন সংঘ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এ শপথে অংশ নেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে শপথ করান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। সময় শিক্ষার্থীরা মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ধর্ষণ ও দুর্নীতিকে ‘না’ বলে লাল কার্ড প্রদর্শন ও দেশপ্রেম- সত্যবাদিতাকে সবুজ কার্ড প্রদর্শন করে।
নবম শ্রেণির শিক্ষার্থী আরমান আলী, মৌমিতা ও দশম শ্রেণির লিমা আক্তার, জনি হাসান জানায়, এটি একটি সচেতনতার চমতকার উদ্যোগ। এমন কার্যক্রমে শপথ নিতে পেরে ভালো লাগছে। আমরা শপথ নিচ্ছি কখনো মাদক, ইভটিজিং, ধর্ষণের মতো কাজে জড়াবো না। দেশ প্রেম ও সত্যের পথে থাকতে সবুজ কার্ড প্রদর্শন করেছি।
শপথ অনুষ্ঠানে মাদরাসার অধ্যক্ষ আবু বকরের সভাপতিত্বে বক্তব্য রাখেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সংগঠক হামিদুল হাসান, আল ফারুক ও সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক আদিল মাহমুদ ও সংবাদকর্মী রনি মিয়াজী প্রমুখ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, লাল সবুজ উন্নয়ন সংঘ একটি স্বেচ্ছা সামাজিক সংগঠন। কুমিল্লা থেকে স্বেচ্ছায় ভ্রাম্যমাণ রংপুর ও রাজশাহী বিভাগের প্রতিটি জেলায় মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছি। আমরা গত সাড়ে ১১ বছরে এ পর্যন্ত ৩৯ লক্ষ শিক্ষার্থীকে মাদক, বাল্য বিবাহ, ধর্ষণ প্রতিরোধে শপথ পাঠ করিয়েছি। এ সংগঠনের সদস্যরা সকলে শিক্ষার্থী। তারা তাদের প্রতি মাসের টিফিন থেকে ১০ টাকা বাঁচিয়ে সারা দেশে স্বেচ্ছায় কাজ করছে।