admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২১ ৭:৫৬ পূর্বাহ্ণ
নিরাপদ সড়কের আন্দোলনে উসকানি, গ্রেপ্তার ৫ জন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হাফ ভাড়া এবং নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এই বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর স্বামীবাগের মিতালী স্কুল গণি রোড এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার সংবাদ সম্মেলন করে র্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়। কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, আটককৃতরা শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছিল। এক্ষেত্রে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক অপপ্রচার চালিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- হাবিবুর রহমান, গাজী সাখাওয়াত, তাওহীদুল ইসলাম, ওয়ায়েজ কুরুনী, আবদুল্লাহ আল মাহমুদ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে- ল্যাপটপ, পোর্টেবল হার্ডডিস্ক এবং দেশবিরোধী বিভিন্ন লিফলেট।
কমান্ডার খন্দকার আল মঈন আরও বলেন, আটককৃতরা অনলাইনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার চালাতো। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে, এমন লিফলেট বানিয়ে দেশের বাইরে পাঠাতো তারা। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও মিথ্যা, বানোয়াট ও বিকৃত তথ্য ছড়িয়ে দিয়েছে তারা। এবার তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।