admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২০ ১২:০৭ পূর্বাহ্ণ
নাটোর জেলার কোথাও এখনো পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেনি। জেলা থেকে পাঠানো ১১৮ ব্যক্তির নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ পাওয়া গেছে। আগে পাঠানো ১০৫টি নমুনার ফলাফলও দ্রুত পাওয়া যাবে।
নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনাভাইরাসে সংক্রমিত কি না তা পরীক্ষার জন্যে এ পর্যন্ত মোট ২২৩ জনের নমুনা পাঠানো হয়েছিল। এসব নমুনার ১১৮টি ফলাফল নেগেটিভ এসেছে, অবশিষ্ট ১০৫টির ফলাফল পাওয়ার অপেক্ষায় রয়েছি।
এদিকে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় হাসপাতাল ও হোম কোয়ারেন্টিনে থাকা মোট ৬৩০ জনের মধ্যে শুক্রবার পর্যন্ত ৫১৯ জন ছাড়পত্র পেয়েছেন। অবশিষ্ট ১১৭ জন বর্তমানে হোম কোয়ারেন্টিনে ও ৪ জন হাসপাতাল কোয়ারেন্টিনে আছেন।
নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো: আনছারুল হক জানান, জেলায় প্রতিষ্ঠানিক আইসোলেশনে মোট ১৪০টি বেড প্রস্তুত আছে। নাটোর সদর হাসপাতারের আইসোলেশন সেন্টারে তিন ব্যক্তি চিকিৎসারত অবস্থায় নমুনা পরীক্ষা শেষে নেগেটিভ ফলাফলের ভিত্তিতে ছাড়পত্র দেয়া হয়েছে। এখন এই সেন্টারে কোনো রোগী নেই।
এদিকে বৃহস্পতিবার নাটোরের একজন বাসিন্দা করোনাভাইরাস আক্রান্ত হওয়ার বিষয়টি ভাইরাল হলেও বর্তমানে ঢাকার ইমপালস হাসপাতালে কর্মরত ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি গত তিন মাসে নাটোরে আসেননি। ওই ব্যক্তি নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের বাসিন্দা।
নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান বলেন, সুস্থ্য হওয়ার আগে ওই ব্যক্তি যাতে নাটোরে না আসেন, সে ব্যাপারে প্রশাসনিক পদক্ষেপ নেয়া হয়েছে।