admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২১ ৯:১৬ পূর্বাহ্ণ
বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড, আসছে পৌষের শীত। অগ্রহায়ণের শেষের দিকে এসে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঠাকুরগাঁও,পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। রোববার সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করে স্থানীয় আবহাওয়া অফিস। ফলে সারা দেশে জেঁকে বসা শীত তিন দিন পরে শুরু হতে চলা পৌষে আরো কাঁপন ধরাতে চলেছে। আবহাওয়াবিদরা জানান, গতকাল শনিবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস, যা দিনের মধ্যভাগে সর্বোচ্চ ২৯ ডিগ্রিতে পৌঁছায়। দেশের অন্যান্য স্থানেও তাপমাত্রার গড় প্রায় একই রকম বা কাছাকাছি ছিল।

১০ ডিগ্রির নিচে না নামায় এতদিন শহরগুলোতে শীতের মাত্রা তুলনামূলক কম ছিল। এবার শীতের গতি-প্রকৃতিতে ভিন্নতা দেখা যাচ্ছে উল্লেখ করে তারা বলছেন, বিগত বছরগুলোতে এই সময়ে শীতের দাপট ছিল অনেক বেশি। সেই তুলনায় এই মৌসুমে শীতের তীব্রতা কম। তবে শহরের চেয়ে গ্রামাঞ্চলে শীত একটু বেশি হানা দিয়েছে। তাছাড়া বরাবরের মতোই সকাল-বিকালের কুয়াশাচ্ছন্নতা একই রকম থাকায় সূর্যের দেখা মিলছে বেলা বাড়ার পরে। ফলে সাধারণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীতের কাঁপন থেকে বাঁচার চেষ্টা করছে, যানবাহন চলছে বাতি জ্বালিয়ে। সব মিলিয়ে বিপাকে পড়তে হচ্ছে নিম্নআয়ের ও দিনমুজরদের। ধীরে ধীরে তাপমাত্রা কমার কথা জানিয়ে তেতুঁলিয়ার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, চলতি মাসের শেষে তাপমাত্রা আরো কমবে। ফলে পৌষের শীত এবার বেশ কাঁপন ধরিয়ে বিদায় নিতে পারে। হিমালয়ের নিকটবর্তী হওয়ায় প্রতি বছরই দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে পঞ্চগড়ে শীত নামে সবার আগে। একইভাবে অন্য জেলাগুলোর তুলনায় দেরিতে শীত বিদায় নেয় এই জেলায়। এর কারণ হচ্ছে, হিমালয় থেকে বয়ে আসা উত্তরী হিম বাতাস এই এলাকার ওপর দিয়ে প্রবেশ করে। এখানে তীব্রতা বাড়িয়ে শীত বিস্তৃত হয় গোটা দেশে।